তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল শনিবার চারটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কামরুন্নাহারের ছোট ভাই নাসিম হোসেন (৩৫), মানিকগঞ্জের দৌলতপুরের বাঁচামারা গ্রামের রূপচান মণ্ডল (৭২) ও তাঁর ছেলে উজ্জ্বল মণ্ডলের ছেলে শাহিনূর (৫) এবং আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সঞ্চৃতি রানী দাস (১২)। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার: আশুলিয়া থানার পুলিশ জানায়, দিন তিনেক আগে ছেলের ঘরের নাতি শাহিনূরকে নিয়ে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকায় মেয়ে জয়গুন বেগমের বাসায় বেড়াতে আসেন রূপচান মণ্ডল। সেখান থেকে মানিকগঞ্জের দৌলতপুরে গ্রামে যেতে তাঁরা গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নবীনগরগামী একটি নছিমনের চাপায় দুজনের মৃত্যু হয়। লোকজন চালকসহ নছিমনটিকে আটক করে পুলিশে দেয়।
মানিকগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজবাড়ীর জনসভায় যাওয়ার পথে গতকাল দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। ওই কর্মসূচিতে যোগ দিতে হরিরামপুর উপজেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার তাঁর ছোট ভাই নাসিম হোসেনের মোটরসাইকেলে চড়ে পাচুরিয়ায় যাচ্ছিলেন। দুপুর একটার দিকে ঘিওরের তরা ক্রসব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী এনএনবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের বহনকারী মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। আহত কামরুন্নাহারকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভার অধীন ঝাউগড়া গ্রামের দিলীপ দাসের মেয়ে অপু রানী দাস (১৮) ও সঞ্চৃতি রানী দাস (১২) গতকাল গোপিন্দী উচ্চবিদ্যালয় থেকে রিকশায় করে বাড়ি ফিরছিল। বেলা তিনটার দিকে ঝাউগড়া এলাকায় ঢাকাগামী আরএফএল পরিবহনের একটি পিকআপ ভ্যান তাঁদের রিকশাকে চাপা দিলে স্মৃতির মৃত্যু হয়। এদিকে দুপুর একটার দিকে রূপগঞ্জের আউখাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকের চাপায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়।