তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর আগের দিন মঙ্গলবার রাতে নেত্রকোনার পূর্বধলা ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় আরও দুজন প্রাণ হারিয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শংকরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও বাসের ১৫ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক বাসযাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নিহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নামতি মহাসড়ক থানার এসআই আবদুল খালেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনা: মঙ্গলবার রাত তিনটার দিকে পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকায় ট্রাকের চাপায় পিকআপচালকের এক সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম মিয়া (২২)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে আতকাপাড়া এলাকায় একটি পিকআপ বিকল হয়ে পড়ে। ইব্রাহিম সেটি ঠিক করার সময় রাত সাড়ে তিনটার দিকে একটি বালুবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গতকাল ভোরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পূর্বধলা থানার এসআই নূরুল আমীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ট্রাক ও এর চালককে আটক করা যায়নি।
নালিতাবাড়ী (শেরপুর): মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়কের আন্দারুপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সোহেল মিয়া (২২) মারা যান। তাঁর বাড়ি উপজেলার কালাকুমা গ্রামে। দুর্ঘটনায় অটোরিকশাচালক আরফান আলী (৪৬) ও যাত্রী জুলহাস উদ্দিন (৪৫) আহত হন।