তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় ১১ জন আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের ছোট বেলাইলের সাজেদা বেগম (৩৫), তাঁর শিশুসন্তান আশরাফুল ইসলাম (১০) ও অজ্ঞাতনামা একজন (৩৬); ভোলার রফিক উদ্দীন (৪৫) ও বগুড়ার শেরপুর উপজেলার বাগদি বসতি গ্রামের আইয়ুব আলী (২৭)।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: দুপুরে গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বগুড়ার নিশিন্দারা ট্যাংক সেতু পারাপার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে সেতুর দক্ষিণ প্রান্তের বিপদরোধক সিমেন্টের তিনটি খুঁটি ভেঙে বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদা বেগম, তাঁর শিশুসন্তান আশরাফুল ও অজ্ঞাতনামা ওই যাত্রী নিহত হন।

সিরাজগঞ্জ: সকালে একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। সোয়া নয়টায় সলঙ্গা থানার পাঁচিলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক রফিক নিহত হন।

নাটোর: ভোরে যশোর থেকে বগুড়ার শেরপুরগামী সারবোঝাই একটি ট্রাকের সামনের চাকা নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এসে পাংচার হয়ে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী আইয়ুব আলী নিহত ও যাত্রী সার ব্যবসায়ী আবদুল মজিদ আহত হন।