তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। জামালপুর ও সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।
গত শনি ও গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ:
সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলিতে জগন্নাথপুরগামী একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার কাজিরগাঁওয়ের আনফর আলী (৬০) ও একই উপজেলার মজলিশপুরের জয়নাল আবেদীন (৩০)। দুজনই অটোরিকশার যাত্রী।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
ময়মনসিংহ: গতকাল রোববার সকালে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসচালক মোশাররফ হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা ছিলেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন বাসযাত্রী আহত হন।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, নিহত চালকের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গত শনিবার বিকেলে উপজেলার মাস্টারবাড়ী-মনোহরপুর সড়কের তরিমুন্সীর বাজার এলাকায় বাইসাইকেলে করে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় মানিক মিয়া (১১) নামের এক স্কুলছাত্র প্রাণ হারায়। মানিক এ বছর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার বাবার নাম শাহ আলম।
জামালপুর ও সরিষাবাড়ী: শহরের দেওয়ানপাড়া এলাকার লুৎফর রহমান (৫৫) নামের এক ব্যক্তি তাঁর এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে গতকাল রোববার বিকেলে শেরপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত অটোরিকশায় শহরের ভোকেশনাল এলাকা পেরোনোর সময় তাঁর গায়ে থাকা শাল চাকায় জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার রাত আটটার দিকে সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকার বাসিন্দা লিয়াদ (২০) দুই বন্ধুসহ মোটরসাইকেলে চড়ে জামালপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন।
পথে সদর উপজেলার ফতেপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত লিয়াদকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। জামালপুরের নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।