তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
যশোরের বাঘারপাড়া, সাতক্ষীরার দেবহাটা এবং বাগেরহাটের কচুয়া ও শরণখোলায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
বাঘারপাড়ায় নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার সালমা সুলতানা (৩২) ও পাহাড়তলীর দক্ষিণ কাকতলী এলাকার প্রদীপ মজুমদার। দেবহাটায় নিহত হয়েছেন ছাত্রী সুমাইয়া সুলতানা (১৪)। সে বহেরা উত্তরপাড়ার মিঠু মিয়ার মেয়ে। কচুয়ায় নিহত ব্যক্তিরা হলেন শেখ আনোয়ার হোসেন (৮২) ও তাঁর ছেলে হুমায়ুন কবির (৪৪)। তাঁদের বাড়ি নরেন্দ্রপুর গ্রামে। এ ছাড়া শরণখোলায় কদমতলা গ্রামের শহীদুল ইসলাম নিহত হন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বাঘারপাড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী যাত্রীরা বলেন, চট্টগ্রাম থেকে ভারতগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে গতকাল সকাল পৌনে আটটার দিকে বাঘারপাড়ার ভাটার আমতলা এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও অন্তত ২২ জন আহত হয়। আহত ব্যক্তিদের যশোর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাসের চালক সুকুমার দাসও চিকিৎসাধীন।
গ্রিন লাইন পরিবহনের যশোর কাউন্টারের কর্মকর্তা ওমর ফারুক বলেন, লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাগেরহাট: কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাবা শেখ আনোয়ার হোসেন (৮২), তাঁর ভাই হুমায়ুন কবির ও ভাতিজা মেহেদী হাসান (১৮) মোটরসাইকেলে করে গতকাল মোরেলগঞ্জ যাচ্ছিলেন। বেলা একটার দিকে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের বিছট এলাকায় ইঞ্জিনচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও রিকশাভ্যানের তিনযাত্রী আহত হন।
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী মোস্তফা আলী ও রাজু বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সাইকেলে করে স্কুলছাত্রী সুমাইয়া সুলতানা ও আমেনা খাতুন বিদ্যালয়ে যাচ্ছিল। দেবহাটার বহেরা এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা আহত হয়। স্থানীয় লোকজন তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা দুইটার দিকে সুমাইয়ার মৃত্যু হয়।