তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
তিন জেলায় গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তিনটি স্থানে দুর্ঘটনায় চারজনের প্রাণ ঝরে। এ ছাড়া চুয়াডাঙ্গা ও পটুয়াখালীর বাউফল উপজেলায় নিহত হন আরও দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: এ জেলায় নিহত ব্যক্তিরা হলেন আবদুস সামাদ মোল্লা (৪৮), আবদুল রহিম সরদার (৫২), লোকমান আলী সরদার (৫৪) ও মঙ্গল কুমার প্রামাণিক (৬২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া ছয়টার দিকে সদর উপজেলার বাগমারা গ্রামে ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই সামাদ মোল্লা ও রহিম সরদার নিহত হন। সামাদের বাড়ি সদর উপজেলার বাগমারা গ্রামে ও রহিমের বাড়ি মজ্জৎকোল গ্রামে।
সকাল সাড়ে নয়টায় কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় নির্মাণশ্রমিকদের নিয়ে আলমসাধু নামের ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে যায়। এতে ১০ জন আহত হন। তাঁদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নির্মাণশ্রমিক লোকমান আলীকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি পাংশা উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে।
এদিকে সকাল সাড়ে ১০টায় একই উপজেলার কালীবাড়ি মোড়ে একটি ব্যক্তিগত গাড়ি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী আহত হন। পরে তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল প্রামাণিক (৬২) নামের ওই যাত্রী মারা যান। তাঁর বাড়ি উপজেলার গড়িয়ানা গ্রামে।
চুয়াডাঙ্গা: দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অবৈধ যান আলমসাধু থেকে পড়ে আতিয়ার রহমান (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চিৎলা গ্রামে। তিনি নিজ গ্রাম থেকে গরুবাহী আলমসাধুতে চড়ে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন।
বাউফল (পটুয়াখালী): উপজেলার কালাইয়া-নওমালা-লোহালিয়া সড়কের বিডিসি বাজারের পাশে যৌতা এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মো. আফজাল (২৮)। বাড়ি উপজেলার গোসিংগা গ্রামে। তিনি ওই পিকআপের চালকের সহকারী ছিলেন।