তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নোয়াখালীর চাটখিল, কুষ্টিয়ার ভেড়ামারা ও চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে গতকাল সন্ধ্যা সাতটার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমাদিঘির পাড় এলাকার কুটুমঘর নামকস্থানে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হন। কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় নিশান মিস্ত্রি (২৮) ও তাঁর ছোট ভাই নিলয় (১৫) নিহত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে অটোরিকশা দুর্ঘটনা ও অক্সিজেন-হাটহাজারী চার লেন মহাসড়কের ১১ মাইল এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন মারা গেছেন। প্রথম আলোর হিসাব অনুযায়ী, আজ বুধবারসহ ৩৩৬ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৬০১ জন।
সড়ক দুর্ঘটনা নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: চাটখিলের হালিমাদিঘির পাড় এলাকার কুটুমঘর নামকস্থানে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন চাটখিল বাজারের ব্যবসায়ী সিরাজুল উল্যাহ ওরফে জসিম (৪৫) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩২)। তাঁরা চাটখিল পৌরসভার সুন্দলপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। গুরুতর আহত অটোরিকশাচালককে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে কুটুমবাড়ির সামনে চাটখিল-সোনাইমুড়ী সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি মারা যান। তাঁরা দুজন স্বামী-স্ত্রী। ঘটনার পরই চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের ব্যবস্থা করে।
কুষ্টিয়া: ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় নিশান (২৮) ও নিলয় (১৫) নামের দুই ভাই নিহত হয়। গতকাল সন্ধ্যা সাতটায় ভেড়ামারা উপজেলার বারো মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান ও নিলয় ভেড়ামারা পৌরসভার দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা বারো মাইল এলাকার ইঞ্জিনচালিত ট্রলির মিস্ত্রি নিশান সন্ধ্যায় একটি ট্রলি মেরামত করেন। পরে সেটি চালাতে মহাসড়কে যান। এ সময় তাঁর সঙ্গে ছোট ভাই নিলয় ছিল। ট্রলিটিকে একটি ট্রাক ধাক্কা দিলে নিশান ঘটনাস্থলেই নিহত হন। নিলয়কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত নয়টায় দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মনিয়া পুকুরপাড় এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ওমরা খান (৩২) নামের এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি কক্সবাজার।
আজ সকাল সোয়া আটটার দিকে অক্সিজেন-হাটহাজারী চার লেন মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ মঈন উদ্দিন রাজু (২৮) নামের এক যুবক আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজু চিকনদন্ডী ইউনিয়ন লালিয়ারহাট মাঝিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
হাটহাজারী থানায় উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল আমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, হাটহাজারী মহাসড়কে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।