তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা, ফরিদপুরের নগরকান্দা এবং চাঁদপুরের ফরিদগঞ্জে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: গতকাল সকালে দাউদকান্দির বারপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান পথচারী সুমনকে (২২) চাপা দেয়। তাঁর পরিবার জানায়, গুরুতর আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তিনি মারা যান। সুমনের বাড়ি স্বল্প পেন্নাই গ্রামে। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জনতা চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে।অন্যদিকে দুপুরে চান্দিনার হাঁড়িকোলা নামক এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম রফিকুল ইসলাম (৪০)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, তাঁরা বাড়ি দাউদকান্দিতে।ফরিদপুর: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দায় সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাকের মালিক ও চালক মুকুল ভৌমিক (৪৫) নিহত হয়েছেন। নগরকান্দা-তালমা আঞ্চলিক সড়কের আজিয়া মনোহরদি সেতুর রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ট্রাকমালিকের ছেলে কৃষ্ণ ভৌমিক (৮) ও চালকের সহকারী আহত হয়। নগরকান্দা থানার ওসি রামপ্রসাদ ভক্ত বলেন, মুকুলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গাড়াখোলা গ্রামে।ফরিদগঞ্জ (চাঁদপুর): গত বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, চালক জসিম উদ্দীন মিঝি (৩৪) ও লোকমান (৩৮)।ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন সরকার জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশার আহত পাঁচ যাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজন মারা যান।