তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
খুলনা, ফরিদপুর ও রাজবাড়ীতে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;খুলনা: খুলনা-ঢাকা মহাসড়কের খুলনা নগরের ফুলবাড়ী রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গতকাল সকালে ট্রাকের চাপায় উত্তরা পাট গুদামের শ্রমিক আক্তার ফকির (৩৮) নিহত হন। তাঁর বাড়ি নগরের সিদ্দিপাশা এলাকায়। একই দিন দুপুর ১২টায় ফুলবাড়ী রেলগেট এলাকায় একটি ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী নগরের আড়ংঘাটা এলাকার বিনোদ হালদার (৫০) নিহত হন।ফরিদপুর: ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকের চালক পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের সলেমান শেখ (৩০) নিহত হন। একই দিন ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপচালকের সহকারী চুয়াডাঙ্গা সদরের সোহরাব শেখের ছেলে রিয়াদ শেখ (২০) নিহত হন।রাজবাড়ী: সদর উপজেলার নিমতলা এলাকায় গতকাল ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর গ্রামের শাজাহানের ছেলে আসাদ (২৭) ও একই গ্রামের স্বপন সাহার ছেলে পিন্টু সাহা (২৮)।