পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও বরগুনায় আজ বুধবার সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। পৃথক এসব দুর্ঘটনায় এক শিশুসহ ১১ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া: আজ বুধবার দুপুর দেড়টার দিকে সরাইলের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় পথচারী তিন নারী নিহত হয়েছেন। এঁরা হলেন-শামসুন্নাহার (৪৫), আজিজা বেগম (৪৫) ও আম্বিয়া বেগম (৪০)। তাঁদের বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে।
পুলিশ জানায়, অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল নিয়ে ওই তিন নারী বাড়ি ফিরছিলেন। ইসলামাবাদ এলাকায় পৌঁছালে এনা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলমের ভাষ্য, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন।
চট্টগ্রাম: নগরের দেওয়ানহাট এলাকায় একটি বাস একটি টেম্পো ও দুটি রিকশাকে ধাক্কা দেওয়ায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
আজ সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাঈম, জয়নাল আবেদিন ও নিজাম। হতাহতরা সবাই টেম্পো ও রিকশার যাত্রী।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামানের ভাষ্য, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি চলন্ত একটি টেম্পো ও দুটি রিকশাকে ধাক্কা দেয়। এতে টেম্পো ও রিকশার সাত যাত্রী আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাঈম ও নিজামকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদিন মারা যান।
সুনামগঞ্জ: সাড়ে আটটার দিকে ছাতক-সিলেট মহাসড়কে ছাতকের হাসনাবাদ এলাকায় একটি ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে একটি শিশুসহ দুজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভুজনা গ্রামের মুহিবুর রহমান (৩৫), সদর উপজেলার নৌকাখালি গ্রামের মতিলাল চক্রবর্তী (৩৫), জামালগঞ্জ উপজেলার গংলাপুর গ্রামের হরিদাস (৪২) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের জলি রানী (৩৫)। এক শিশুসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা এক শিশুসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ছাতক থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।
টাঙ্গাইল: সকাল নয়টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসে যাত্রীবাহী একটি লেগুনা ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বগুড়ার মোকামতলার বুলবুল (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুবোধ ঘটক (৩৫)।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি লেগুনা শহর বাইপাসের কান্দিলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার দুজন যাত্রী নিহত হন। আহত চারজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যের দিকে যান। বাসের চালক পলাতক।
বরগুনা: সকাল সাড়ে আটটার দিকে চুনাখালী এলাকায় পটুয়াখালী-আমতলী কুয়াকাটা সড়কে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মনির হোসেন শিকদার ও ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র উজ্জ্বল লাল শীল। উজ্জ্বলের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়।
পুলিশ জানায়, আহত অবস্থায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের আরোহী আল আমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
আমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ প্রতিনিধি, টাঙ্গাইল প্রতিনিধি, ও বরগুনার নিজস্ব প্রতিবেদক]