তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, ময়মনসিংহের মুক্তাগাছা ও কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে গতকাল সোমবার মুক্তাগাছায় চারজন ও আশুগঞ্জে দুজন নিহত হয়। এ ছাড়া গত শনিবার চান্দিনায় নিহত হন তিনজন।মুক্তাগাছা থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটির পাঁচজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রিনি আক্তার (১২) ও নজরুল ইসলাম (৫০) নামের দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেম্বুল ইসলাম (২৬) ও তাঁর স্ত্রী আসমা আক্তারকে (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁরা মারা যান। হাবিবুর রহমান নামের অপর যাত্রী মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানিয়েছেন, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।অন্যদিকে গতকাল দুপুরে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোফাজ্জল হোসেন (২৬) ও রনি আহাম্মেদ (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় সেটি ধরা যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে গত শনিবার ভোরে চান্দিনা বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলে নিহত ও ১০ জন আহত হন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।