তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত, আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর, নারায়ণগঞ্জের বন্দর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল শুক্রবার তিনটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
এর মধ্যে গাজীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন, বন্দরে কাভার্ড ভ্যানের চাপায় দুজন এবং মির্জাপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টঙ্গী (গাজীপুর): সদর উপজেলার নাওজোড় হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তার দক্ষিণে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে গাজীপুরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রুদ্রপুর হোতাপাড়া এলাকার বাসচালক মো. কাওসার (৩৫), শিশিচালার হাতেম আলী (৪৫) ও জমির উদ্দিন (৩৫), বগুড়ার সোনাতলা উপজেলার বালুরহাট এলাকার আরিফুল ইসলাম (২৪) ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাইরহাটি গ্রামের মো. শামীম (২৮)।
পুলিশ হতাহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরালে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলার শ্রীপুর উপজেলার নয়ন (২২), শ্যামল মিয়া (২২), মো. ইব্রাহিম (৩০), মো. আরিফ হোসেন (১৮), মো. তৌফিক (২০) ও মো. হীরা (৩৫); সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বলাই কর্মকার ও ময়মনসিংহের মো. ওবায়দুল (২৮)। অন্যদের নাম জানা যায়নি। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর এলাকায় গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন (৩০) ও হারুন মিয়া (২৮) নামের দুজন নিহত হন। ঘটনার পর পর কাভার্ড ভ্যান রেখে এর চালক ও সহকারী পালিয়ে যান।
মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার শুভুল্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাসের সঙ্গে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন পিকআপের তিনজন ও বাসের দুই আরোহী। কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার আবদুল গফুর (৩৬) ও জামালপুরের খোরশেদ আলম (৩৮)। তাঁরা পিকআপ ভ্যানে ছিলেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ থানার এসআই বাহার উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।