তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল, কুমিল্লার চৌদ্দগ্রাম ও চাঁদপুরের হাজীগঞ্জে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে।প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১টায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নুর মোহাম্মদ ও সিদ্দিক হোসেন। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাঁদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর ও কান্দিলা গ্রামে। এলেঙ্গা সড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার এলাকায় একটি যাত্রাবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে যান দুটির দুজন চালকই নিহত হয়েছেন। আহত হয়েছে ১২ জন যাত্রী। গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই চালক হচ্ছেন মীর হোসেন (৪৫) ও আবু সুফিয়ান (৩৪)। বাসচালক মীর হোসেনের বাড়ি চৌদ্দগ্রামের পৌর এলাকার পাঁচরা গ্রামে এবং ট্রাকচালক আবু সুফিয়ানের বাড়ি খুলনার দৌলতপুরে। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর সদর উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় এ কে এম নুরুল ইসলাম খান (৫০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি জেলার হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেস পরিবহনের একটি বাস নুরুল ইসলামকে বহনকারী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নুরুল ইসলাম ও তাঁর সঙ্গী আবুল হোসেন সড়কের পাশে পড়ে যান। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে গুরুতর আহত নুরুল ইসলাম মারা যান। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, এলাকাবাসী বাসটি আটক করেছেন।