তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৬

পাবনা, বাগেরহাট ও সিরাজগঞ্জে দুই দিনে তিন সড়ক দুর্ঘটনায় ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পাবনার হিমাইতপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন। বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: সদর উপজেলার হিমাইতপুর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, হিমাইতপুরে ইউনিয়নে চরবাঙ্গাবাড়িয়া গ্রামে পণ্য পরিবহনের ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে রিকশাভ্যানের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত একজন। নিহত ব্যক্তিরা হলেন চরবাঙ্গাবাড়িয়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী রিনি খাতুন (৩৫) ও তাঁর মেয়ে বর্ষা খাতুন (৭)। দুর্ঘটনায় আকবর হোসেন আহত হয়েছেন।
সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশাভ্যান চালিয়ে যাচ্ছিলেন আকবর হোসেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ইঞ্জিনচালিত ট্রলি পেছন দিকে চলতে গিয়ে রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বর্ষা খাতুন মারা যায়। তার মা রিনি খাতুন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত আকবর হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হিমায়েতপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাচ্ছি। ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক।’
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আবদুল হামিদ।
বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই স্কুলশিক্ষক মারা যান।
নিহত শিক্ষক দুজন হলেন মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) ও একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাঁদের বাড়ি সরোসপুর গ্রামে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষক। গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ বলছে, ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রথম আলোর হিসাব অনুযায়ী, আজ ছয়জনসহ ৬৪৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬১।