তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী ও গাইবান্ধার সুন্দরগঞ্জে এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ে গত সোমবার রাতে শিশুসহ মা নিহত ও বাবা আহত হয়েছেন।

হরিপুরে নিহত তিনজন হলেন মশালডাঙ্গী এলাকায় ইদ্রিস আলী (৭০), উখাই চণ্ডী গ্রামের বাবলু (৪৫) ও মেদেনী সাগর গ্রামের এরফান আলী (৫০)। সুন্দরগঞ্জে প্রাণহানির শিকার তরুণের নাম খোকন মিয়া (২৪)। তিনি ভাটি কাপাসিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পঞ্চগড়ে নিহত দুজন হলেন জয়ন্তী রানী (২৮) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে নারায়ণ। জয়ন্তী বোদা উপজেলার পুটিমারী এলাকার শীতেন্দ্রনাথ রায়ের (৩৮) স্ত্রী।

 কয়েকজন প্রত্যক্ষদর্শী ও হরিপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যবসায়ী গরুভর্তি নছিমনে করে গতকাল সকালে যাদুরানী হাটে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে আমগাঁও বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলী ও বাবলু নিহত হন। দুর্ঘটনায় এরফান আলীসহ নছিমনের আরও পাঁচ আরোহী আহত হন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোচাগঞ্জে এরফান মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ভাটি কাপাসিয়া গ্রাম থেকে গতকাল বিকেল পাঁচটার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চারজন যাত্রী সীচা বাজারে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ঘরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খোকন মিয়া মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন যাত্রী আহত হন।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

পঞ্চগড় সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শীতেন্দ্রনাথ তাঁর স্ত্রী জয়ন্তী ও ছেলে নারায়ণকে নিয়ে সোমবার রাতে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা এলাকায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলে জয়ন্তী ও নারায়ণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা শীতেন্দ্রনাথকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ মা ও শিশুটির মৃতদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে নিয়ে যায়। কীভাবে তাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ জানাতে পারেননি।

পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঠাকুরগাঁও, গাইবান্ধা ও পঞ্চগড় প্রতিনিধি)