তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাস্তা পার হওয়ার সময় গতকাল বৃহস্পতিবার বাসের ধাক্কায় দুই ভাইবোন নিহত হয়েছে। এ ছাড়া গত দুই দিনে বগুড়ার ধুনট ও দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার কদমতলীতে বড় বোন বন্যা খাতুনের (৮) সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মামুন খন্দকার (৫) নামের শিশুটি তাৎক্ষণিকভাবে মারা যায়। আহত বড় বোন মারা যায় সন্ধ্যায়। তারা উপজেলার কদমতলী গ্রামের আবুল খায়ের খন্দকারের সন্তান। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই জানান, গতকাল বেলা তিনটার দিকে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী জিম এন্টারপ্রাইজের একটি বাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে।
ধুনট (বগুড়া): বুধবার বিকেলে আবু সাইদ খান (৪৫) নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে বগুড়ার গাবতলীতে যাওয়ার সময় ধুনটের কালেরপড়া গ্রামের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খান। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান। আবু সাইদের বাড়ি ধুনটের মাটিকোড়া গ্রামে।
দিনাজপুর: বুধবার সকালে বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে মো. হেলাল (৩৫) নামের এক ব্যক্তি উপজেলার বোচাপুকুর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের দারোগ আলীর ছেলে। মরিচা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।