তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
ময়মনসিংহ, টাঙ্গাইল ও জামালপুরে গত রবি ও গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন মোটরসাইকেলচালক, একজন ট্রাকচালক ও একটি শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংশ্লিষ্ট এলাকায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় বাস, ট্রাক ও লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ফয়সাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজার গ্রামে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। এ ছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁরা হলেন লরির চালক মাসুম, চালকের সহকারী শাকিল, বাসের যাত্রী সিদ্দিক, ফয়েজ উদ্দীন, জসীম, জ্যোৎস্না, শাহাব উদ্দীন, আশরাফ, হাসিনা, জসীম উদ্দিন, হৃদয়, শাহজাহান, ফজলুল হক, জুয়েল, ওহেদুল, ফজিলা, নজরুল, মুস্তাকিম, শামীম ও ইয়াসমিন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামীণ সড়কে ইজিবাইকের চাপায় মণি আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গত রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মণি উপজেলার বাঁশাহাটি গ্রামের আবুল কালামের মেয়ে। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে ইজিবাইকটি ভাঙচুর করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম বলেন, এ ঘটনায় শিশুর বাবা আবুল কালাম বাদী হয়ে ইজিবাইকচালক আনাছ মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল শহরের বাইপাস সড়কে গতকাল ট্রাকের চাপায় আবদুল করিম (৪৫) নামের একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে আবদুল করিম ও বশির মিয়া টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আরোহী বশিরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবদুর রাজ্জাক (৩২)। বাড়ি মধুপুর উপজেলার পোদ্দারবাড়ী এলাকায়।
গতকাল সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় আরফান আলী (৩২) নামের আরেক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।