তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫
টাঙ্গাইল সদর উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ ও রাজবাড়ীর গোয়ালন্দে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: ঢাকা-বঙ্গবন্ধু যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে গতকাল একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী কালিহাতী উপজেলার বীর বাসিন্দা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে চাঁন মিয়া (২২) ও আউলিয়াবাদ গ্রামের মিজানুর রহমানের ছেলে ফাহাদ (১৩) নিহত হয়। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় শুক্রবার একটি যাত্রীবাহী বাসের চাপায় টাঙ্গাইলের নসিমপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে মরিয়ম (৮) নিহত হয়। একই দিন শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী কোলঘাটে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী পাবনার বেড়া উপজেলার চর মেঘুল্লা গ্রামের আমির হোসেন (৪৫) নিহত হন।গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে বাসচাপায় মোছা. কুলসুম বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি নড়াইল সদর উপজেলার ভায়াখালী গ্রামের মৃত সেলিম শেখের স্ত্রী।