তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত
রংপুরের তারাগঞ্জ, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:তারাগঞ্জ (রংপুর): রংপুর-সৈয়দপুর মহাসড়কে উপজেলার জিগাতলা নেংটিছিঁড়া সেতুর কাছে গতকাল ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহতেরা হচ্ছেন মাইক্রোবাসের যাত্রী বদরগঞ্জ উপজেলার শেখেরহাট গ্রামের মহাসিন আলী (৪০), সাদেকুল ইসলাম (৩০) ও মতলুবার রহমান (৪২)। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গতকাল একটি বাসের চাপায় রাশেদ আলী (৪) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): নলকা-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সাতটিকরি গ্রামের পাশে গতকাল পেঁয়াজবোঝাই একটি ট্রাক চাকা ফেটে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের আরোহী ব্যবসায়ী আবদুল হামিদ (৪৫) নিহত হন।