তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরায় একজন ছাত্রীসহ দুই শিশু নিহত হয়েছে। একই দিন রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চারজন ও কুষ্টিয়ার দৌলতপুরে একজন নিহত হয়েছেন।
নিহত সাতজন হলো সাতক্ষীরার মিতা রানী দাস (৯) ও শহীদুল ইসলাম (১৫), রাজবাড়ীর তৌফিক হাসান ওরফে মিথুন কাজী (৩৮), আসলাম শেখ (৫২), বুলু (৪৫) ও মাধবচন্দ্র প্রামাণিক (৭০) এবং কুষ্টিয়ায় নিয়ামত আলী (৬০) । নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাাঠানো খবর:
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিতা রানী দাস দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার এলাকার অশোক কুমার দাসের মেয়ে ও ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে সকাল আটটার দিকে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের সামনে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি ট্রাক শহরের রক্সি সিনেমা হলের সামনে বাইসাইকেল আরোহী শহীদুল ইসলামকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদুল ইসলাম সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার আতিয়ার রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে একটি লোকাল বাস রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের পাশে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চারজন নিহত, একই পরিবারের পাঁচজনসহ ৩৫ জন আহত হয়েছেন। নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে মিথুন কাজী মোটরসাইকেল এবং আসলাম শেখ, বুলু ও মাধবচন্দ্র প্রামাণিক বাসের যাত্রী।
মিথুন কাজী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বড়পুল এলাকার, আসলাম শেখ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের, বুলু শরীয়তপুরের এবং মাধবচন্দ্র প্রামাণিক পাংশার মহিষালা গ্রামের বাসিন্দা ছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, নিহত ব্যক্তিদের দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে নিয়ামত আলী নসিমনে করে দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি থেকে আল্লারদর্গা বাজারে যাচ্ছিলেন। পথে বনানী বিড়ি কারখানার কাছে নসিমনটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়লে চালকসহ ৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে নিয়ামত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বিকেলে তিনি মারা যান।
নিয়ামত আলী উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন।