তিন জেলায় সড়ক দুর্ঘটনায় সাংসদের ছেলেসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে চিকিৎসক মুশফিকুর রহমান (৩০) নিহত হয়েছেন। একই দিন কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চারজন ও হবিগঞ্জে প্রবাসীসহ দুজন প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ময়মনসিংহ: মুশফিকুর রহমান ভোরে মোটরসাইকেলে চেপে ময়মনসিংহ থেকে গাজীপুর যাচ্ছিলেন। ভালুকার ভরাডোবা এলাকায় একটি যাত্রীবাসী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। মুশফিকুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। দুপুর দুইটায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম ও বিকেল সাড়ে চারটায় আকুয়ায় নিজ বাড়িতে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফজলুল করিম জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।দাউদকান্দি (কুমিল্লা): ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন মারা যান। তাঁরা হলেন ঢাকাগামী ট্রাকের চালক নারায়ণগঞ্জের ফতুল্লার মো. সোহান (৩০), চালকের সহকারী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইকবাল হোসেন (২১) ও চট্টগ্রামগামী ট্রাকের চালক মানিকগঞ্জের শিবালয়ের মামুন মিয়া (২৮)। সকালে একই মহাসড়কের দাউদকান্দির রায়পুরে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের যাত্রী তৌহিদুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া পাঁচ যাত্রী আহত হন। তৌহিদুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সোনাইখামার গ্রামে। মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার উম্মেতুননেছা উচ্চবিদ্যালয়ের কাছে দুপুরে ট্রাকচাপায় ঘটনাস্থলে অটোরিকশা আরোহীসহ দুই ব্যক্তি মারা যান। এ ছাড়া আরও দুই অটোরিকশা আরোহী আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মাধবপুরের পানিহাতা গ্রামের জ্ঞানেন্দ্র দেবের ছেলে বাহরাইনপ্রবাসী সজল দেব (৪০) ও একই উপজেলার হালুয়াপাড়া গ্রামের আলী আসকরের ছেলে ইলিয়াছ মিয়া (২৮)।