তিন জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩
শেরপুরে বাসের ধাক্কায় গতকাল সোমবার এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া নেত্রকোনা ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলো শেরপুর জেলা শহরের মধ্যশেরী এলাকার শফিল উদ্দিনের ছেলে মো. আতিকুর রহমান (১৬), নেত্রকোনা পৌরসভার পারলা এলাকার মৃত ফজু মিয়ার স্ত্রী শহর বানু (৫৬) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলীশারকুল গ্রামের মৃত ওয়াসির মিয়ার স্ত্রী সুকেরা খাতুন (৬০)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর : গতকাল বিকেলে শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আতিকুর রহমান স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে শেরপুর-জামালপুর সড়কের পশ্চিমশেরী এলাকায় একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, এ ঘটনায় ছাত্রের মা আতিজা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ বাসচালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।
নেত্রকোনা: নেত্রকোনায় নিহত শহর বানু এলজিইডি কোয়ার্টারে গৃহপরিচারিকার কাজ করতেন। গত রোববার রাতে বাসায় ফেরার পথে নাগড়া এলাকায় এলজিইডি কার্যালয়ের সামনে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক তাঁকে চাপা দেয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা থানার ওসি এস এম মাছুদুল আলম বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৌলভীবাজার: পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভুনবীর-আলীশারকুল চৌমোহনা এলাকার রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সুকেরা খাতুন। স্থানীয় লোকজন প্রথমে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্রীমঙ্গল থানার এসআই লায়লাতুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।