তিন জেলায় হরতাল জনজীবন স্বাভাবিক
বিএনপি ও এর শরিক দলগুলোর ডাকা তিন জেলায় হরতালে জনগণের তেমন সাড়া মেলেনি। উপজেলা পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রার্থী-সমর্থকদের ওপর হামলা—এ রকম নানা অভিযোগে গতকাল রোববার তিন জেলায় হরতাল পালন করা হয়েছে। তবে হরতালে জনজীবন ছিল প্রায় স্বাভাবিক। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
বরিশাল: নগরে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলের ডাকা হরতাল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। জনজীবনে এর কোনো প্রভাব পড়েনি। সারা দিনে নেতা-কর্মী ও পিকেটারদের তৎপরতা তো দূরের কথা, দুই-একজন ছাড়া তাঁদের কাউকে মাঠেই দেখা যায়নি।
সকালে নগরের সিঅ্যান্ডবি রোডে কয়েক মিনিটের জন্য বিএনপির একটি মিছিল বের হয়। এ সময় কয়েকজন টায়ারে আগুন দেন। নথুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব যানবাহন চলাচল করেছে। হরতালবিরোধী মিছিল করেছে কোতোয়ালি থানা আওয়ামী লীগ ও যুবলীগ। মিছিলটি বরিশাল নৌবন্দর এলাকা থেকে বের হয়ে সোহেল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ভোলা: জেলার চরফ্যাশন উপজেলাতেও গতকাল সকাল-সন্ধ্যা হরতালে মাঠে নামেননি বিএনপির নেতা-কর্মীরা। জীবনযাত্রা ছিল অন্যান্য দিনের মতোই। সকাল থেকে দোকানপাট খুলেছে এবং যানবাহন চলাচল করেছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল গোলদার বলেন, এসএসসি পরীক্ষার জন্য বিএনপি হরতালে মাঠে নামেনি।
নাটোর: আওয়ামী লীগের আনন্দ মিছিলের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলায় বিএনপির ডাকা হরতাল। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচল করেনি। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদেরও চোখে পড়েনি।
উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম ওরফে রমজান শত শত নেতা-কর্মীকে নিয়ে বাদ্যবাজনা বাজিয়ে হরতালে শহর দাপিয়ে বেড়িয়েছেন। পটকার মুহুর্মুহু কান ফাটানো শব্দে শহরবাসীর মধ্যে বিরক্তির উদ্রেগ হয়। কখনো রাস্তার মোড়ে আনন্দ মিছিল থামিয়ে লাঠি খেলা দেখান আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।