কয়েক দিনের বৃষ্টিতে তিন জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে সাতক্ষীরা শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে ফরিদপুর শহরে। অস্বাভাবিক জোয়ারের পানি পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকার সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সাতক্ষীরার নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এ জেলার বিপুলসংখ্যক পুকুর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। কয়েক কোটি টাকার মাছ ভেসে গেছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, শহরের ইটেগাছা, পালাশপোল, কামালনগর, মধুমল্লারডেঙ্গি, রসুলপুরের একাংশ, বদ্দিপুর কলোনি, ডানপাড়া, পুরাতন সাতক্ষীরার একাংশ ও কাটিয়ার একাংশসহ বিস্তীর্ণ এলাকায় পানি থইথই করছে।
শহরের ইটেগাছা এলাকার বাসিন্দা ফারুক হোসেন ও আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানি নামতে পারছে না। এ কারণে রাস্তাঘাট ডুবে গেছে। বাড়ির মধ্যে পানি ঢুকছে।
শহরের বদ্দিপুর কলোনি এলাকার লুৎফর রহমান ও আবুল হোসেন বলেন, তাঁদের পুরো এলাকা পানিতে সয়লাব। তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না। সাপ ও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। গত রোববার ফাতেমা খাতুন নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সাপের কামড়ে মারা গেছে। এ ঘটনায় তাঁরা আতঙ্কে আছেন।
শহরের ব্যবসায়ী জিয়াউল হক বলেন, শহরের সরকারপাড়া, শহীদ নাজমুল সরণির পুলিশ সুপারে কার্যালয়ের সামনে, শহরের প্রধান সড়ক সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কসহ অধিকাংশ এলাকা বৃষ্টিতে তলিয়ে গেছে।
পৌর মেয়র তাসকিন আহমেদ বলেন, পানিনিষ্কাশনের পথ বন্ধ থাকায় এবং বিশেষ করে খালগুলো দখলে চলে যাওয়ায় ইচ্ছা করলেই পানি সরানো যাবে না। তবে প্রাথমিকভাবে নিজ নিজ এলাকায় কাউন্সিলরা কাজ করছেন। তিনি নিজের বিভিন্ন এলাকায় পানি সরানোর ব্যবস্থা করছেন।
জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, গত সাত দিনের বৃষ্টিতে ৩ হাজার ৪২৮ হেক্টর জমির ৩ হাজার ১৫১টি চিংড়িঘের ও পুকুর ভেসে প্রায় ১৩ কোটি ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন মহল্লা ও সড়কে ঘুরে জলাবদ্ধতা ও মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে। শহরের শোভারামপুর, রঘুনন্দনপুর, গোয়ালচামট, দক্ষিণ গোয়ালচামট, আলীপুর, ঝিলটুলী, গুহলক্ষ্মীপুর পালপাড়া, চুনাঘাটা, টেপাখোলা, হাবেলি গোপালপুর, কমলাপুর, চর কমলাপুর, পশ্চিম খাবাসপুর, রথখোলা ও সিংপাড়া এলাকা ঘুরে পৌরসভার ১১টি সড়কের বিভিন্ন অংশ ডুবে থাকতে দেখা গেছে। এ ছাড়া বহু বাড়িঘরে পানি উঠতে দেখা গেছে। সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানা গেছে।
শোভারামপুর এলাকার গৃহবধূ বাসন্তী রানি দাস বলেন, পানি বের হওয়ার রাস্তা নেই। এ এলাকার ১৩টি পরিবার পানিবন্দী রয়েছে। রঘুনন্দনপুর কবিরের মোড় এলাকায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওই এলাকার বাসিন্দা আবদুল্লা শেখ বলেন, এর মধ্যে অন্তত ৪০টি পরিবারের বাড়িঘরে পানি ঢোকায় তাঁরা বাড়িতে থাকতে পারছেন না।
এদিকে ডুবে গেছে রঘুনন্দনপুর হাউসিং সোসাইটির তিনটি সড়ক। সাব্বির খান নামের একজন বাসিন্দা বলেন, ওই এলাকায় দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
রেলবস্তি এলাকার ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া গুহলক্ষ্মীপুর, পালপাড়া এলাকায় ডুবে গেছে একটি সড়ক। ওই মহল্লার ৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া শহরতলির বদরপুর ও ডোমরাকান্দি এলাকায় ডুবে গেছে দুটি সড়ক। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫০ পরিবার।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, শহরের কিছু জায়গায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তাঁরা এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
এদিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকার সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে। ওই এলাকার পাঁচ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। সহস্রাধিক পরিবার চরম ভোগান্তি পোহাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দর এলকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, বিমা কার্যালয়সহ পাঁচ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া এই এলাকায় পশুর হাট, কামারপট্টি ও কাঁচাবাজার আছে। বাজারের পাশাপাশি ওই এলাকায় সহস্রাধিক বাসাবাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে দক্ষিণ বন্দর এলাকা প্লাবিত হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালেক বলেন, দক্ষিণ বন্দর এলাকাটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় অতি জোয়ার ও প্লাবনে এলাকাটি পানিতে ডুবে যায়। ওই এলাকার সড়ক উঁচু করার পরিকল্পনা তাঁদের রয়েছে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা এবং ফরিদপুর অফিস ও পিরোজপুর প্রতিনিধি}