নাটোর, ফেনী ও রাজবাড়ীতে গত দুই দিনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে একটি বাড়িতে। তবে এসব ঘটনায় কোনো মামলা হয়নি।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামে গতকাল শনিবার স্থানীয় মো. জুলহাস, মো. বদি ও মো. আনিছুরের বাড়িতে হামলা চালানো হয়। বিএনপি-সমর্থিত প্রার্থী ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল আজিজের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে আবদুল আজিজ অভিযোগ অস্বীকার করেছেন।
ফেনী: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে স্থানীয় বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য বাহার উদ্দিনের বাড়িতে গতকাল ১৫-২০ জনের সশস্ত্র দল হামলা চালায়। লুটপাট ও ভাঙচুরের পর বিছানাপত্র ঘরের বাইরে এনে আগুন দেওয়া হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বিকেল পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
পরশুরামে ছয়জনকে মারধর: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের অভিযোগ, নির্বাচনে তাঁর পক্ষে কাজ করায় গতকাল রাঙ্গামাটিয়া গ্রামের যুবদলের কর্মী মো. ফারুক, আবদুল মালেক, ছালেহ আহমঞ্চদকে মারধর করা হয়েছে। শুক্রবার কালিকাপুরে কবির আহমঞ্চদ, বিলোনিয়া গ্রামের মো. খোকন ও মো. নাসিরকে স্থানীয় যুবলীগের কর্মীরা মারধর করেন।
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থক জিয়া শেখ ও রেজাউল ইসলামকে গত শুক্রবার উপজেলার নারুয়া বাজারে মারধর করেন পরাজিত প্রার্থী গোলাম শওকতের সমর্থক মিন্টু শেখ ও গোসাই। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত জানান, মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।