মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল রোববার ইটভাটার দুই মালিককে আড়াই লাখ টাকা ও ফরিদপুরে সাত ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গত শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে তিন দালাল ও দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন অভিযোগের মাধ্যমে জানতে পারেন, উপজেলার নিশিপুর ও বালিয়াঘাট এলাকায় দুটি ইটভাটার মালিক তাঁদের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে পাশের জমির ক্ষতি হচ্ছে। গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ইউএনও আবুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আদালত দেখতে পান, নিশিপুরে জেদ্দা ব্রিকসের মালিক বাবলু বিশ্বাস নিজের পুকুর থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছেন। এতে অনেকের আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। পরে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিন বেলা দুইটার দিকে পাশের গ্রাম বালিয়াঘাট এলাকায় অভিযান চালান আদালত। সেখানে একইভাবে আনিসুর রহমান নামের আরেক ইটভাটার মালিকও বালু উত্তোলন করছিলেন। পরে তাঁকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
ইউএনও গতকাল প্রথম আলোকে বলেন, দুজনই জরিমানার টাকা পরিশোধ করেছেন।
ফরিদপুর: দুপুরে বোয়ালমারী সদরের স্টেশন রোড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ইউএনও মু. খায়রুজ্জামান। এ সময় আদালত পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্তোরাঁর মালিক চান মিয়া, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমানকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা; রেস্তোরাঁর মালিক তারা মিয়া ও বাবলু মিয়াকে দুই হাজার টাকা করে এবং সড়কে মালামাল রেখে বিক্রি করার দায়ে দিপু মেশিনারিজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আদালত স্টেশন রোড থেকে ২০টি অবৈধ স্থাপনা ও মাংসের ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন।
অপর একটি আদালত আলফাডাঙ্গায় বাসি মাংস বিক্রি করার দায়ে মো. অলিয়র রহমান নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের।
গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গত শনিবার রাতে বাসযাত্রীদের হয়রানি ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন ব্যক্তি ও মাদক সেবনের সময় দুই যুবককে আটক করে পুলিশ। তাঁদের গতকাল সকালে ইউএনও পঙ্কজ ঘোষের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত সদর উপজেলার গোপালবাড়ীর আনোয়ার সরদার, গোয়ালন্দের দৌলতদিয়ায় সোহরাব, মণ্ডলপাড়ার জাকির হোসেন ও স্থানীয় ছিদ্দিক কাজীরপাড়ার জাকির মোল্যাকে এক মাস করে কারাদণ্ড দেন। এ ছাড়া মাদকসেবী হবিগঞ্জ সদর উপজেলার মো. তামিম মিয়া ও গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মতি ফকিরকে ছয় মাস করে দণ্ড দেন আদালত।