তিন জেলায় ২১৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ
পৌরসভা নির্বাচনে গতকাল সোমবার পর্যন্ত সাতক্ষীরা, ভোলা ও পিরোজপুরে বিভিন্ন পদে মোট ২১৬ জন মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে মেয়ের পদে ১৪, কাউন্সিলর পদে ১৬০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়নপত্র তুলেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, সদরে মেয়র পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজকিন আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র তুলেছেন। কলারোয়ায় মেয়র পদে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও পৌরসভার সাবেক মেয়র মো. আক্তারুল ইসলাম মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র তুলেছেন।
ভোলা: নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর পৌরসভায় মেয়র পদে জেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ১৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র তুলেছেন। দৌলতখানে মেয়র পদে পৌর বিএনপির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন কাঁকন চৌধুরী ও বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া কাউন্সিলর পদে সাতজন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র তুলেছেন। বোরহানউদ্দিনে মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন মনোনয়নপত্র তুলেছেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): সদরে মেয়র পদে জেলা বিএনপির উপদেষ্টা আবদুল রাজ্জাক মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ জন ও কাউন্সিলর পদে ২৪ জন মনোনয়নপত্র তুলেছেন। স্বরূপকাঠিতে মেয়র পদে বর্তমান মেয়র শফিকুল ইসলাম মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫ জন ও কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র তুলেছেন।
পিরোজপুর পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মানিকহার রহমান বলেন, এ পর্যন্ত দুটি পৌরসভায় মেয়র পদে ২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর পদে ৫৮ জন মনোনয়নপত্র তুলেছেন।