নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরার অপরাধে ফরিদপুর, রাজবাড়ী ও পটুয়াখালীতে গতকাল মঙ্গলবার ও গত সোমবার ২৬ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
অভিযানকালে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার গোপালপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে গতকাল সকালে অভিযান চালিয়ে জসীম মোল্লা (৪২), আবদুস সালাম মোল্লা (৪০), শেখ ইছাহাক (৩৫), তিলা মোল্লা (৪৫), ইলিয়াস ব্যাপারী (৩৫), নূরু ব্যাপারী (৩৪) ও জৈনদ্দিন ফকির (৪৭) নামের সাত জেলেকে আটক করা হয়। পরে জসীম মোল্লা ও আবদুস সালাম মোল্লাকে এক মাস এবং বাকিদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মধুখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাগাট ইউনিয়নের মিটাইন স্লুইসগেট এলাকায় মধুমতী নদীতে গতকাল দুপুরে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক ও প্রায় ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেরা হলেন মুক্তার মোল্লা (৩৫), নবী শেখ (৪০) ও গিটার বিশ্বাস (৩০)। তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে প্রায় ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): প্রশাসন সূত্র জানায়, উপজেলা মৎস্য দপ্তর ও দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশের সহযোগিতায় সোমবার উপজেলার দেবগ্রাম এলাকায় পদ্মা নদীতে অভিযানকালে জেলেরা ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। পরে জেলে হাবিবুর রহমান ওরফে হবি (২৫) ও ওয়াজেদ আলীকে (৩০) আটক করা হয়। তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুজনের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে। অভিযানকালে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইলিশ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়।
এ ছাড়া দিনব্যাপী উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানকালে আরও নয় জেলেকে আটক করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড। জব্দ করা হয় ৪০ হাজার মিটারের বেশি কারেন্ট জাল ও ১০০ কেজির বেশি ইলিশ।
বাউফল (পটুয়াখালী): কোস্টগার্ড সূত্র জানায়, বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে গতকাল ১০ হাজার মিটার কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করা হয়। এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।