তিন জেলায় ৩৬০ শীতার্তকে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও নীলফামারীতে ৩৬০ জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলায় ১০০ জন করে দুস্থ ব্যক্তির হাতে কম্বল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। পটুয়াখালীর শীতার্ত প্রতিবন্ধী শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত আরও ৬০ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি বলেন, এক্সিম ব্যাংকের সহায়তায় গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বন্ধুসভার সদস্যরা ১০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে হাজরাহাটি গ্রামের মজিরন বেগম (৮২) বলেন, ‘জাড়ে খুপ কষ্ট পাইচচেলাম। এবেড্ডা আর জাড় লাগবেনানে। শীতির হাত থেইকে তুমরা বাপু বাঁচাইলে। আল্লাহ তুমাগের ভাল করবে।’
পটুয়াখালী অফিস জানায়, ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় গতকাল সকালে শহরের কলের পুকুর পাড় এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শীতার্ত প্রতিবন্ধী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে ৩৫টি কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের স্বনির্ভর এলাকা ও কালিকাপুর এলাকায় দুস্থ লোকজনের মধ্যে আরও ২৫টি কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো পটুয়াখালী বন্ধুসভার সদস্যরা শীতার্ত ব্যক্তিদের হাতে এসব কম্বল তুলে দেন।
নীলফামারী প্রতিনিধি বলেন, প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে এক্সিম ব্যাংক নীলফামারীতে শীতার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ১০০ কম্বল পাঠায়। নীলফামারী বন্ধুসভার সদস্যরা দেশীবাই, ঢুকঢুকি, শালনগ্রাম, সাইডনালা, বারোগোপাল, গোলনা ইউনিয়নের কালীগঞ্জ, ভাদুরদোরগাসহ বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ শীতার্ত লোকজনের তালিকা সংগ্রহ করেন। সে অনুযায়ী গতকাল জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে ছিটমীরগঞ্জ গ্রামের টেপরু বর্মণ (৮০) বলেন, ‘এর আগত তোমরা মোক একখান কম্বল দিছেন। দুই বছর পর তোমরায় দিলেন। মোক কাঁয়ো দেয় না। এইখান পায়য়া মোর খুব উপকার হইবে।’
বয়সের ভারে নুয়ে পড়া ৯০ বছরের বৃদ্ধা কুমোবালা কম্বল হাতে পেয়ে বলেন, ‘বাবা মোর খুব কষ্ট, এই কম্বলখান দিয়া মোর উপকার কইরলেন। আইজ আইতত মুই নিন্দির পারিম।’