তিন জেলায় ৪৬৫ জন পেলেন কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ক্রাউন সিমেন্ট গ্রুপের সহায়তায় গতকাল শনিবার ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গল ও বুধবার লালমনিরহাটের পাটগ্রামে ট্রাস্টের উদ্যোগে শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় আরও ২০০ জনকে কম্বল দেওয়া হয়।
বুধবার ট্রাস্টের উদ্যোগে ঢাকা ব্যাংকের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চান্দপুর গ্রামে ৬৫ জনকে কম্বল দেওয়া হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: দৌলতখান উপজেলায় মেঘনার মধ্যে জেগে ওঠা দুর্গম মদনপুর ইউনিয়নের চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ ছাত্রছাত্রীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। ওই বিদ্যালয় ও প্রথম আলো ট্রাস্ট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব কম্বল দেওয়া হয়। এ সময় লিমা নামের এক ছাত্রী বলে, ‘রাইত্যা শীতে গুমাইতাম পাড়ি না, ভাঙা ঘর দিয়া বাতাস ঢোহে, এই কম্বল পাইয়্যা আমাগো আনন্দ লাগদাছে। রাইত্যা আরামে গুমাইতাম পারুম।’
কম্বল বিতরণকালে ইউপি সদস্য আবদুল খালেক, সমাজসেবক লুৎফুর রহমান পাটওয়ারী, প্রথম আলো ট্রাস্ট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিহাবুদ্দিন, বন্ধুসভার সভাপতি মাইনুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র অঞ্চলের চান্দপুর গ্রামের ৬০ জন গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিজন পল্লির পাঁচজন বৃদ্ধকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহায়তা করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেত্রী কুটিলা রাজোয়ার, অনিতা রাজোয়ার, নেতা বঙ্গপাল সরদার, বন্ধুসভার জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, নয়ন আহমেদ, বিকাশ কুমার প্রামাণিক, মসিদুল ইসলাম প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলায় মঙ্গলবার ও বুধবার ৩৮ শিক্ষার্থীসহ ২০০ শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা করেন মেছিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, পাটগ্রাম বন্ধুসভার সভাপতি অজিত রঞ্জন রায়, সদস্য তাহেরুল ইসলাম, আবু আলম, আবদুল জলিল, মুসা আলী প্রমুখ।