তিন জেলায় ৫৯১ সংবাদপত্র বিক্রয়কর্মী রেইনকোট পেলেন
প্রথম আলোর পক্ষ থেকে গতকাল শনিবার খুলনা ও বগুড়ায় এবং গত শুক্রবার নওগাঁয় সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হয়েছে। তিন জেলায় মোট ৫৯১ জন রেইনকোট পেয়েছেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: জেলার বিভিন্ন এলাকার মোট ২৫২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান, প্রথম আলোর বিতরণ বিভাগের সহকারী ব্যবস্থাপক শামিমুল আলম, আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. আসাদুজ্জামান প্রমুখ। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী নওশের আলী বলেন, ‘আমাদের আর বর্ষায় ভিজতে হবে না। প্রথম আলোর এই ভালো কাজের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’ রেইনকোট পেয়ে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘খুলনার সংবাদপত্র বিক্রয়কর্মীরা আনন্দিত। তাঁরা এখন থেকে প্রথম আলো বেশি বেশি করে বিক্রয় করার প্রতিশ্রুতি দিচ্ছেন।’বগুড়া: সকাল ছয়টায় শহরের সাতমাথায় ২৩৭ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ ছাড়া শাহাজানপুর ও নন্দীগ্রামে ১৮ জনকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় প্রথম আলোর বিতরণ ও উৎপাদন বিভাগের প্রধান রিফাত আবদুল্লাহ শেখ, আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন (বগুড়া) ও আখতারুজ্জামান সরকার (রাজশাহী), বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান, ফটোসাংবাদিক সোয়েল রানা, শিবগঞ্জ প্রতিনিধি জামিল আহমেঞ্চদ প্রমুখ উপস্থিত ছিলেন। শেরপুর (বগুড়া): উপজেলার ১৩ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। প্রেসক্লাব ভবনে দুপুর ১২টায় রেইনকোট বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী। দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার ১৩ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, দুপচাঁচিয়া প্রতিনিধি আনিছুল ইসলাম প্রমুখ। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী মো. শামীম বলেন, ‘প্রথম আলোর লোকজন নিজে এসে রেইনকোট দিয়ে আমাদের যে উপকার করল, তা বলার মতো নয়।’ধুনট (বগুড়া): উপজেলার ১৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় উপজেলা প্রতিনিধি মাসুদ রানা উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মীরা খুশিতে মেতে ওঠেন।আদমদীঘি (বগুড়া): উপজেলার ২৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন। এ সময় আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া গত শুক্রবার নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার ২০ জন সংবাদপত্র বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন।