তিন জেলায় ৬০টি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা ও শ্রীপুরের বরইচারা গ্রামে অগ্নিকাণ্ডে ১৪টি বাড়ির ২৬টি ঘর ভস্মীভূত হয়েছে। এ ছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১৩টি পরিবারের ২৯টি ঘর এবং বাগেরহাটের ফকিরহাটে এক পরিবারের চারটি বসতঘরসহ পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আবদুল হাইয়ের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। পরে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি বাড়ির ১৮টি ঘর ভস্মীভূত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুরের বরইচারা গ্রামের মতলেব মোল্লার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পাশাপাশি বসবাসকারী তিন ভাইয়ের বাড়ির আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। মাগুরা দমকলের স্টেশন ব্যবস্থাপক আবদুল মালেক সর্দার বলেন, ঘোড়ামারার পরিবারগুলো খুবই দরিদ্র। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকার বেশি হবে না। এ ছাড়া শ্রীপুরের অগ্নিকাণ্ডেও ক্ষয়ক্ষতির পরিমাণ দুই-তিন লাখ টাকার বেশি হবে না। রাজবাড়ী: শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামে শহিদ ফকিরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১৩টি পরিবারের ২৯টি ঘর ছাই হয়ে গেছে। এ সময় মনোয়ারা বেগম নামে এক গৃহিণী অগ্নিদগ্ধ হন। তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রথমে এলাকাবাসী ও পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।বাগেরহাট: গতকাল দুপুরে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামে সৈয়দ সুমনের রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন তাঁদের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ঘর মালামালসহ ভস্মীভূত হয়। বাগেরহাট দমকল বিভাগ জানিয়েছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে তাঁরা মনে করছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা। এর আগে ৩ এপ্রিল গভীর রাতে একই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে রাজীব স মিলসহ পাশের দুটি কাঁচা ঘর পুড়ে যায়।