নিষেধাজ্ঞা সত্ত্বেও মা ইলিশ শিকার, মজুত ও পরিবহনের অপরাধে ভোলা, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা এবং বরগুনার পাথরঘাটায় ৬৮ জেলের জেল-জরিমানা হয়েছে।
ভেদরগঞ্জ ও গোসাইরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় রোববার রাতে। এ সময় ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৬৪ হাজার মিটার জাল। আটক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ শিকার রোধে অভিযান অব্যাহত থাকবে।
পাথরঘাটায় তিনজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কাকচিড়া–সংলগ্ন বিষখালী নদীতে রোববার রাতে ইলিশ শিকারের সময় জেলে মনির হোসেনকে (৩০) আটক করে নৌ পুলিশ। বিষখালী নদীতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার জাল। মনিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাথরঘাটার হরিণঘাটা থেকে নয়টি মা ইলিশ নিয়ে যাওয়ার সময়শ্যামল বিশ্বাস (৩০) ও জাহাঙ্গীর হোসেন নামের দুজনকে আটক করে কোস্টগার্ড। ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় হাজার টাকা জরিমানা করেছেন।
পাথরঘাটা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক জানান, জব্দ করা ইলিশগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর পুড়িয়ে দেওয়া হয়েছে জব্দ করা জাল।
ভোলা সদর উপজেলায় মেঘনা নদী থেকে ৩১ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ২৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া ৬০ হাজার মিটার জাল, ৫০ কেজি ইলিশ ও চারটি নৌকা জব্দ করা হয়।
দৌলতখানে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া ১০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।
চরফ্যাশনে গতকাল সাত জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া লালমোহনে আদালত দুজনকে তিন হাজার টাকা করে এবং দুজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। বোরহানউদ্দিনে চার জেলেকে আদালত এক মাস করে কারাদণ্ড দেন। জেলায় গতকাল ২২৬ কেজি ইলিশ, ১ লাখ ৫৯ হাজার মিটার জাল ও ১৪টি নৌকা জব্দ করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেনপ্রথম আলোর শরীয়তপুর, ভোলাও পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি]