তিন জেলায় ৭৮ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের ঢল ও টানা বৃষ্টিতে গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এ তিন জেলায় পানিতে ডুবে অন্তত ৭৮ হাজার ২৯৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হলেও সরকারের তরফ থেকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ:
গাইবান্ধা: এ জেলার সাত উপজেলায় ৩০ হাজার ১৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২৭৬ কোটি ২৯ লাখ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে প্রায় দুই সপ্তাহ পানিতে ডুবে থাকায় ফসলের এ ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার বন্যাকবলিত কয়েক গ্রাম ঘুরে দেখা গেছে, বন্যাকবলিত এলাকায় বীজতলা পচে যাওয়ায় রোপা আমন ধানগাছের কোনো চিহ্ন নেই। এ ছাড়া অপেক্ষাকৃত উঁচু জমিতে আদা লাগানো হলেও পানিতে ডুবে সেগুলো নষ্ট হয়েছে। উঠতি কলাগাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম রুহুল আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কোনো কর্মসূচি নেই। তবে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সরিষা, ভুট্টা, মাষকলাই ও শাকসবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক শওকত আলী সরকার গতকাল শুক্রবার বলেন, ‘দুই দফা বন্যায় জেলায় আড়াই লাখ কৃষকের ৪৭ হাজার ৬৭৪ হেক্টর জমির রোপা আমন ও সবজিখেত পানিতে নিমজ্জিত হয়। দীর্ঘদিন তলিয়ে থাকায় এসব ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার পানি বাড়তে থাকায় আশঙ্কা করছি, আরও ১১ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যেতে পারে। এতে তিন লাখ কৃষকের ৫৮ হাজার ৬৭৪ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা।’
নীলফামারী: জেলা সদরের টুপামারী ও পলাশবাড়ী ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দুই ইউনিয়নে প্রায় ৩০০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। পলাশবাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামের কৃষক রতন চন্দ্র রায় (৪০) বলেন, ‘এ বছর আমি পাঁচ বিঘা জমিতে রোপা আমন চারা লাগিয়েছি। এর মধ্যে এক বিঘা জমির আমন চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গ্রামের অনেক জমির ফসল এখন পানির নিচে তলিয়ে আছে। এ ছাড়া জলাবদ্ধতায় নষ্ট হয়েছে বিস্তীর্ণ আদা ও বেগুনখেত।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম ইদ্রিস বলেন, জেলার পাঁচ উপজেলায় ৪৪৫ হেক্টর জমির রোপা আমন চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষকেরা তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে এখনো বোলানের চারা (স্থানীয় ভাষায় যাকে দোগাছ বলা হয়) রোপণ করছেন। এ ছাড়া কৃষকদের ক্ষতি পোষানোর জন্য মধ্য ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে, ৫২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আগাম সরিষা এবং ৫৬ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হবে। এ ছাড়া আগাম জাতের শীতকালীন ফসল উৎপাদন করে কিছুটা ক্ষতি পোষাতে পারবেন কৃষক।