তিন জোড়া স্যান্ডেল ভেসে ছিল পানিতে
ঘড়িতে তখন দুপুর ১২টা! ডোবার ঘোলা পানিতে তখনো লাল রঙের তিন জোড়া স্যান্ডেল ভাসছে। পাড়ে দাঁড়িয়ে কয়েক শ মানুষ বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। ঘণ্টা খানেক আগে স্যান্ডেলগুলো যাদের পায়ে ছিল হাসপাতালে নেওয়ার আগেই থেমে গেছে তাদের নাড়ির স্পন্দন। গতকাল শনিবার রাজশাহীর চারঘাট সদর উপজেলার ফরিদপুর গ্রামে ডোবার পানিতে দুই ভাইবোন ও খালার মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো শ্রাবণ সরকার ওরফে শোভন (৭), তার বড় বোন সানজিদা খাতুন (৯) ও খালা রিতু খাতুন (১২)। শ্রাবণদের বাড়ি চারঘাট উপজেলা সদরে। বাবার নাম আজিজুল হক। শ্রাবণ চারঘাটে সারদা পুলিশ একাডেমি স্কুলে প্রথম শ্রেণীতে ও সানজিদা তৃতীয় শ্রেণীতে পড়ত। আর রিতু বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম রবিউল ইসলাম। বাড়ি চারঘাটের ফরিদপুর গ্রামে।
জানা গেছে, শ্রাবণ ও সানজিদা এক দিন আগে মায়ের সঙ্গে ফরিদপুর গ্রামে নানার বাড়িতে যায়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্রাবণের নানি রাবেয়া খাতুন তাদের বাড়িতে না পেয়ে খুঁজতে বের হন। এ সময় বাড়ির পাশে ডোবার পানিতে তাদের স্যান্ডেল ভাসতে দেখে চিৎকার করে ওঠেন। তখন পাশের জমিতে কাজ করতে থাকা গিয়াস উদ্দিন ছুটে এসে পানিতে ঝাঁপ দেন। গিয়াস বলেন, পানিতে নেমেই তিনি একজনকে পান। পরে অন্যরা এসে অপর দুজনকে পান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, হয়তো একজনকে পানিতে পড়ে যেতে দেখে অপরজন তাকে উঠাতে গেছে।