তিন টাকায় কিনে ২০ টাকায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে কৃষিপণ্যের পাইকারি ও খুচরা দামের পার্থক্য কয়েক গুণ। এক কেজি কাঁচামরিচের পাইকারি দাম তিন টাকা হলেও তা খুচরা বাজারে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজিও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।বুধবার সকালে বড় বাজারের কাঁচামালের আড়তগুলোতে ঘুরে দেখা গেছে, মান অনুযায়ী প্রতি কেজি বেগুন পাইকারি চার থেকে ছয় টাকা, পটল নয় থেকে দশ, উচ্ছে নয় থেকে দশ, বরবটি আট থেকে দশ, মিষ্টিকুমড়া চার থেকে সাত, আলু আট থেকে দশ, ঢ্যাঁড়স সাত থেকে দশ, রসুন ৭০ থেকে ৭৫, শুকনামরিচ ১৪৫ থেকে ১৫০, আদা ৬৫ থেকে ৭০ ও শসা ছয় থেকে নয় টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজারের কাঁচামালের দোকানগুলো ঘুরে দেখা গেছে, এসব দোকানে মান অনুযায়ী প্রতি কেজি বেগুন খুচরা ১০-১২, পটল ১৪-১৬, উচ্ছে ১৬-২০, বরবটি ১২-১৬, মিষ্টিকুমড়া ১০-১২, আলু ১১-১২, ঢ্যাঁড়স ১৮-২০, রসুন ৮০-১০০, শুকনামরিচ ১৮০-২০০, আদা ১০০-১২০ ও শসা ১৬-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার আবুল হোসেন বলেন, ‘আড়ত থেকে পাঁচ কেজির নিচে মালামাল কেনার সুযোগ নেই। এ কারণে সাধারণ ক্রেতারা অসহায়ের মতোই খুচরা দোকান থেকে বেশি দরে পণ্য কিনছেন।’ আড়ত মালিক মো. শাহ আলম জানান, খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো পণ্যের দাম হাঁকায়। এতে অনেক সময় তাঁদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সেরেগুল হোসেন নামের এক খুচরা ব্যবসায়ী দাবি করেন, খুচরা দোকানে সব মাল এক দিনে বিক্রি শেষ হয় না। জেলা কৃষি বিপণন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, প্রতি মাসে জেলা সমন্বয় কমিটির সভায় পাইকারি ও খুচরা বাজারের পণ্যের দামের বিষয়টি উপস্থাপন করা হয়। প্রতি সপ্তাহে বিষয়টি বাণিজ্য মন্ত্রলায়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়।