তিন টিকিট কালোবাজারি গ্রেপ্তার
চট্টগ্রাম রেল স্টেশন থেকে তিন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে আটটি টিকিট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন—আফাজ উদ্দিন, কবির হোসেন ও নাসির উদ্দিন। এঁদের মধ্যে আফাজ উদ্দিন রেলের টেকনিক্যাল লাইন ইলেকট্রিশিয়ান (জেড-১) পদে কর্মরত বলে র্যাব জানায়। র্যাব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে আফাজ উদ্দিন রেলওয়ের কর্মচারী। তাঁরা তিনজনই স্টেশনে দাঁড়িয়ে টিকিট বিক্রি করছিলেন। ওই তিনজনের কাছ থেকে তূর্ণা নিশিথা, পাহাড়িকা, মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেসের মোট আটটি টিকিট উদ্ধার করা হয়। এতে ১৬টি আসন ছিল। রকিবুল আমিন আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে টিকিট বিক্রির তিন হাজার ৭৭০ টাকা ও টিকিট চাহিদার একটি তালিকা উদ্ধার করা হয়েছে।’এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে স্টেশন চত্বর থেকে দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করে র্যাব।