তিন ডেপুটি গভর্নর পুনর্নিয়োগ পেতে পারেন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ডেপুটি গভর্নর পুনর্নিয়োগ পেতে পারেন বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ব্যাংকে গভর্নরের পরে ডেপুটি গভর্নর থাকেন চারজন। এখন আছেন একজন। তাঁর নাম আবুল কাসেম। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন।

আজ সোমবার সচিবালয়ে ভুটানের স্পিকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকেরা জানতে চান, বাংলাদেশ ব্যাংক ডিজিশূন্য হয়ে পড়ছে। এ ব্যাপারে কী হবে? মন্ত্রী বলেন, ‘ওটা হবে। দেখা যাক।’ তাঁকে আবার প্রশ্ন করা হয়, ‘নতুন নিয়োগ হবে?’ এর উত্তরে মন্ত্রী বলেন, ‘এটা আলাপ করতে হবে। এখন আমার অসুবিধা হলো এদের পুনর্নিয়োগ না দিয়ে নতুন করে কাউকে নিয়োগ দিতে হলে তিন মাস সময় লাগে। এ জন্য সার্চ কমিটি করতে হয়।’

এ সময় সাংবাদিকেরা বলেন, বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে যাচ্ছে। জবাবে মন্ত্রী বলেন, ‘গভর্নর, ডেপুটি গভর্নরের নিয়োগ চুক্তিভিত্তিকই হয়। এটাই ভালো।’

বাংলাদেশ ব্যাংকে তিন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, আবু হেনা মোহা. রাজী হাসানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে এ বছরের জানুয়ারি মাসে।