তিন তরুণ খুনের ঘটনায় মামলা
নর্দমা থেকে তিন তরুণের গলাকাটা লাশ উদ্ধারের প্রায় ৩৬ ঘণ্টা পর গত মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। খুনের ঘটনায় গতকাল পর্যন্ত কোনো সূত্র পায়নি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তরুণ জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দেয়নি বলে পুলিশ জানিয়েছে।গত সোমবার রাজধানীর নামা শ্যামপুরের পশ্চিম মোহাম্মদবাগের একটি নর্দমা থেকে তিন তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণেরা হলেন, মোহাম্মদ জনি, হাসান নাবিল ও বাবু। নিহত জনি ও বাবু সহোদর।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ জানান, নিহত হাসানের বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, রোববার তাঁর ছেলে হাসান বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। সেদিন অনেক রাত পর্যন্ত না ফেরায় তাকে খোঁজা হয়।