তিন তরুণকে খুঁজছে পুলিশ

১৩ আগস্ট বেলা ৩টা ৪৬ মিনিট ৪৭ সেকেন্ড। মিরপুরের আল-হেলাল হাসপাতালের সামনে থামল সবুজ রঙের একটি সিএনজিচালিত অটোরিকশা। তিনজন তরুণ একটি মেয়েকে ধরাধরি করে নিয়ে ঢুকলেন। হাসপাতালের ফটকের সামনে থাকা স্ট্রেচারে মেয়েটাকে তুলে ওই তিন তরুণসহ আরও কয়েকজন ঠেলে নিয়ে ভেতরে গেলেন।
ছাত্র ইউনিয়নের কর্মী ফেরদৌস আফসানাকে আল-হেলাল হাসপাতালে নিয়ে আসার দৃশ্য এটি। হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য সংগ্রহ করাটাই এখন পর্যন্ত আফসানার মৃত্যু তদন্তে পুলিশের অগ্রগতি। আফসানাকে কোথা থেকে আনা হলো, তাঁর মৃত্যুর কারণ কী, তা এখন পর্যন্ত অজানা। যে তিন তরুণ আফসানাকে হাসপাতালে নিয়ে এলেন, তাঁদেরও ধরতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি আফসানার মুঠোফোনটিও।
পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান গতকাল প্রথম আলোকে বলেন, হাসপাতালে নিয়ে আসা তিন তরুণকে শনাক্ত করা হয়েছে। এই তিনজনকেই পুলিশ খুঁজছে। তাঁদের একজন তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। বাকি দুজনও তাঁর ঘনিষ্ঠ বন্ধু। এঁদের যেকোনো একজনকে পাওয়া গেলেই অনেক কিছুর উত্তর জানা যাবে বলে তিনি মনে করছেন।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের এক কর্মকর্তা বলেন, হত্যা বা আত্মহত্যা—সেটি কোথায় হলো, তা-ই এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। কারণ, আফসানা যে বাসায় ছিলেন, সে বাসায় একটি সিলিং ফ্যান ও টয়লেটে হুকের মতো একটি জিনিস আছে। আফসানা যদি ওই বাসায় আত্মহত্যা করে থাকেন, তবে এই দুই জায়গার একটিকে বেছে নিতে হবে। কিন্তু বাসায় আত্মহত্যা করার কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, আফসানা প্রথমে ছিলেন অজ্ঞাতনামা লাশ। পরিচয় মেলার পর ঢাকার কোথায় থাকতেন, সে জায়গাটি খুঁজে পেতেই দুদিন সময় লেগেছে। কারণ, পরিবারের লোকজন জানতেন না, তিনি কোথায় থাকতেন। যে বাসায় থাকতেন, ওই বাসার মালিক নিজ থেকে জানান, আফসানা তাঁর বাসায় থাকতেন। এরপরই পুলিশ সেখানে যায়।
বাসাটি মানিকদী বাজারের মূল সড়কের ওপরে। বাসার প্রধান ফটকের সামনে এক সারি দোকান রয়েছে। সেখানকার কেউই সেদিন ওই বাসা থেকে কাউকে বের করে সিএনজিতে করে নিয়ে যেতে দেখেননি।
এদিকে ছাত্রলীগের নেতা হাবিবুর রহমানের বাবা আবদুল হাই গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার দিন রাত নয়টায় ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। হাবিবুর ফোন করে তাঁকে তেজগাঁও কলেজে যেতে বলেন। এক ঘণ্টা পর তিনি সেখানে গিয়ে ছেলেকে আর পাননি। সেখানে উপস্থিত অন্য ছেলেরা তাঁকে জানিয়েছেন, আফসানা আত্মহত্যা করেছেন। তাঁকে হাবিবুর ও তাঁর দুই বন্ধু আল-হেলাল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
আবদুল হাই বলেন, ওই দিনের পর থেকে ছেলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, ‘আইনে যা হবে, আমি তা-ই মেনে নেব। আমার নিজেরও মেয়ে আছে।’
আফসানার ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান বলেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো তৈরি হয়নি। আপাতদৃষ্টিতে মনে হয়েছে, আফসানা আত্মহত্যা করেছেন। তাঁর গলায় একটি মোটা দাগ ছিল। শরীরের ভেতরে বা বাইরে কোথাও আঘাতের কোনো চিহ্ন ছিল না।
ময়নাতদন্তকারী চিকিৎসকের এই বক্তব্য প্রত্যাখ্যান করে আফসানার ভাই ফজলে রাব্বী বলেছেন, আফসানা আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি: আফসানার রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে ‘বিক্ষুব্ধ পদযাত্রা’ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এই সময় বেঁধে দেওয়া হয়।