শেরপুর শহরে বিল্লাল হোসেন (১২) হত্যা মামলার রায়ে তিন তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন ওই দণ্ডাদেশ দেন। নিহত বিল্লাল হোসেন জেলা শহরের নবীনগর এলাকার মকবুল হোসেনের ছেলে। দণ্ড পাওয়া তিনজন ও বিল্লাল নবীনগর এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।
দণ্ড পাওয়া তিনজন হলেন সদর উপজেলার শেরীঘাট এলাকার ছানুয়ার হোসেন (২১) ও বিষু (২৫) এবং শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের নুর হোসেন (২২)। তাঁদের মধ্যে ছানুয়ার হোসেন পলাতক। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী মো. আব্দুল মজিদ প্রথম আলোকে বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালে একটি মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল হোসেনের সঙ্গে ওই তিনজনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ২৩ মে রাতে ওই তিনজন বিল্লালকে সিনেমা দেখানোর কথা বলে ডেকে নিয়ে যান। তাঁরা শহরের শেরীঘাট সেতুর নিচে নিয়ে বিল্লালকে গরুর হাড় দিয়ে আঘাত করে ও খুঁচিয়ে হত্যা করেন। এরপর হাত-পা বেঁধে ট্রাংকের ভেতর লাশ ভরে নদীতে ভাসিয়ে দেন। পর দিন সকালে সদর উপজেলার ভাটারাঘাট ঈদগাহ মাঠসংলগ্ন নদীতে জেলেদের জালে ট্রাংকটি আটকা পড়ে। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
একই দিন এ ঘটনায় সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকালে ওই তিন তরুণকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ৩১ আগস্ট সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত গতকাল রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. ইমাম হোসেন বলেন, এ রায়ের ফলে ভবিষ্যতে কেউ হত্যার সাহস পাবেন না।