কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তিন থানার ওসির অপসারণ দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আবেদনপত্রটি তিনি গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন। আবেদনপত্রে সৈয়দ মহিতুল অভিযোগ করেন, নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—এই তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখার অপচেষ্টা চালাচ্ছেন। এদিকে গতকাল সকালে নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায়ও সৈয়দ মহিতুলের প্র্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ মো. শাহজাহান ওসিদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনেন। সভায় নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী উপস্থিত ছিলেন। অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশনার বলেন, অভিযোগ সত্য হলে অবশ্যই তা অপরাধযোগ্য। তিনি অভিযোগটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে দাখিলের পরামর্শ দেন। রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, অভিযোগপত্রটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। জাবেদ আলী আরও বলেন, নির্বাচনী প্রচারণায় সাইবার অপরাধ ও ধর্মের অপব্যবহার প্রতিরোধ করতে হবে। এ ছাড়া ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার নামে ভোটারদের আকৃষ্ট করার প্রবণতা বন্ধ করতে হবে।