বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমানে বিডিআর একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তিন থেকে চার মাসের মধ্যে পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত সদস্যদের বিচারপ্রক্রিয়া শেষ হবে। এর পর থেকে সারা দেশে বিডিআর পুনরায় নতুন উদ্যমে কাজ শুরু করবে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্তে একটি পর্যবেক্ষণ টাওয়ার (বর্ডার সেন্ট্রি পোস্ট—বিএসপি) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।বিডিআরের মহাপরিচালক বলেন, সীমান্তে বিডিআরের প্রধান কাজ দুটি। এর একটি হলো সীমান্ত সুরক্ষা, অপরটি হলো চোরাচালান ও মাদক প্রতিরোধ। বর্তমানে দেশের সবচেয়ে বড় শত্রু চোরাচালান ও মাদক। সীমান্তে প্রতি নয় কিলোমিটার দূরত্বে একটি করে বিডিআরের সীমান্তচৌকি (বিওপি) আছে। বেশির ভাগ ক্ষেত্রে একটির সঙ্গে অপরটির যোগাযোগব্যবস্থা ভালো নয়। সাইকেলে বা হেঁটে অত্যন্ত কষ্ট করে সীমান্তে বিডিআর সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। এই সুযোগে মাদক ব্যবসায়ী ও চোরাচালানিরা খুব সহজেই বিডিআরের গতিবিধি বুঝতে পারে। কিন্তু নবনির্মিত পর্যবেক্ষণ টাওয়ার স্থাপনের ফলে একটি সীমান্তচৌকি থেকে আরেকটির দূরত্ব কমে যাবে। এতে চোরাচালান ও মাদক প্রতিরোধ করা সম্ভব হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিডিআরের মহাপরিচালক বলেন, দেশে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দিয়েছে। ভারত থেকে বাংলাদেশে গরু আসে। সংশ্লিষ্ট এলাকার করিডর দিয়ে এসব গরু আনার কথা। অ্যানথ্রাক্স প্রতিরোধে করিডরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু করিডর ছাড়াও বিভিন্ন সীমান্তপথে যেসব গরু আসছে, সেসব গরুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর সীমান্তে বিএসপি টাওয়ারটি নির্মাণ করা হয়েছে। অন্য প্রান্তে রয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অধীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের লালচন্দ্রপুর ক্যাম্প।জানা যায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হক ও তাঁর মামা মো. জমির উদ্দিন টাওয়ারটি নির্মাণে প্রয়োজনীয় জমি দান করেন। বিডিআরের মহাপরিচালক সরকার ও বিডিআরের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।দিনাজপুর বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ জানান, দিনাজপুর বিডিআরের অধীন মোট চারটি ব্যাটালিয়ন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি ব্যাটালিয়নের সীমানায় চারটি করে মোট ১৬টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। বিএসপি উদ্বোধনকালে বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করীম, দিনাজপুর বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।