তিন দপ্তরের তালা খুলে দেওয়া হয়েছে, আসেননি কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান হিসাব কর্মকর্তা আ ন ম মনছেফের দপ্তরের তালা গতকাল রোববার খুলে দেওয়া হয়েছে। তবে গতকাল দপ্তরে যাননি এই তিন কর্মকর্তা।
যোগাযোগ করলে প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর দপ্তরে না যাওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘অফিসের কাজেই বাইরে আছি।’ তাঁর মতো বাকি তিন কর্মকর্তাও ‘অফিসের কাজে’ বাইরে আছেন বলে জানিয়েছেন।
তবে সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, তালা দেওয়ায় ক্ষুব্ধ তিন কর্মকর্তা স্থানীয় সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শরণাপন্ন হন। তিনি ২৫ অক্টোবর সিলেট এলে বিষয়টি দেখবেন বলে তাঁদের জানিয়েছেন। এ সময় পর্যন্ত তিন কর্মকর্তা তাঁদের দপ্তরে যাবেন না বলে জানিয়েছেন।
১৭ অক্টোবর বিকেলে ক্ষমতাসীন দলের ১০ জন ওয়ার্ড কাউন্সিলর প্রধান তিন কর্মকর্তার দপ্তরে তালা দেন। তিনটি দপ্তরে তালা দিয়ে কাউন্সিলররা সাংবাদিকদের জানিয়েছিলেন, সিটি করপোরেশন নির্বাচিত মেয়রবিহীন থাকায় ওয়ার্ডের জনপ্রতিনিধিদের না জানিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলছে। জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি না থাকার ক্ষোভে তাঁরা তিনটি দপ্তরে তালা ঝুলিয়েছেন।
এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্র জানায়, বর্তমানে কারাবন্দী আরিফুল হক চৌধুরী মেয়র থাকাকালীন সিটি করপোরেশনের মালিকানাধীন লাল দিঘিরপাড় সিটি মার্কেট ভাঙার দরপত্র আহ্বান করা হয়। এতে ১ কোটি ৮০ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সে সময় মার্কেটের ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দরপত্র স্থগিত রাখা হয়। সম্প্রতি উচ্চ আদালতে রিটের শুনানি রায় সিটি করপোরেশনের পক্ষে এলে ক্ষমতাসীন দলের কয়েকজন কাউন্সিলর সমঝোতার মাধ্যমে ১ কোটি ৫ লাখ টাকায় এ কাজ নিতে চান। কিন্তু এতে সিটি করপোরেশনের প্রধান তিন কর্মকর্তা বিরোধিতা করায় তিনটি দপ্তরে তালা দেওয়া হয়।