৩১ ডিসেম্বরের মধ্যে তিন দফা দাবি পূরণ না হলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ী শহরে পূর্ব ঘোষিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
তিন দফা দাবির মধ্যে রয়েছে আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জির প্রধান গ্যারি এন লাইকে গ্রেপ্তার, বড়পুকুরিয়া কয়লাখনিকে উন্মুক্ত করার ষড়যন্ত্র বন্ধ এবং ২০০৬ সালের ২৬ আগস্ট খনিবিরোধী আন্দোলনে সম্পাদিত ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটার দিকে ফুলবাড়ীর ঊর্বশী সিমেনা হলের সামনে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে ওই মহাসমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আনু মোহাম্মদ, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা সাংসদ ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন, গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, গার্মেন্টস শ্রমিকের কেন্দ্রীয় নেতা মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক আ. সাত্তার, বাসদ সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ (মাহাবুব) কেন্দ্রীয় সমন্বয়ক ইয়াছিন মিয়া, বাসদ (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতা বজলুল হোসেন, তেল-গ্যাসের কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ফুলবাড়ী শাখার সদস্যসচিব জয়প্রকাশ গুপ্ত, সাবেক সদস্যসচিব এস এম নুরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ী আন্দোলনের নেতা এম এ কাইয়ুম প্রমুখ।
কমিটির কয়েকজন নেতা-কর্মী জানান, মহাসমাবেশে যোগ দিতে দুপুর ১২টা থেকে বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল-সমাবেশ আসতে থাকে। দুপুর দুইটার সময় ফুলবাড়ী পৌর শহর জনারণ্যে পরিণত হয়। বেলা তিনটার দিকে প্রধান অতিথিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভামঞ্চে আসেন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বক্তারা মহাসমাবেশে বক্তব্য দেন। এ সময় বক্তারা সমাবেশ থেকে সরকারকে ওই তিন দফা দাবি পূরণের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবরোধ-কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে মহাসমাবেশকে সফল করতে সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসী বিক্ষোভ-মিছিল ও পথসভা করেন। এ সময় পথসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্যসচিব শেখ সাবীর আলী। বক্তব্য দেন পেশাজীবী সংগঠনের আহ্বায়ক পৌর মেয়র মুরতুজা সরকার, পৌর কাউন্সিলর মোতাহার হোসেন, আতাউর রহমান, ময়েজ উদ্দিন, পল্লিচিকিৎসক সমিতির সভাপতি মকলেছুর রহমান প্রমুখ।