তিন দফা দাবিতে আন্দোলনে ডিএনএ ল্যাবের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজে অবস্থিত জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার থেকে তাঁরা এ কর্মবিরতিতে যান। কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো হলো ল্যাবরেটরিকে রাজস্ব খাতে স্থানান্তর, পদোন্নতির নীতিমালা প্রণয়ন ও বিভিন্ন ধরনের পরীক্ষা বাবদ ফির কিছু অংশ প্রদান (ইউজার ফি)। এগুলো বাস্তবায়নের দাবিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে কর্মকর্তা-কর্মচারীরা ল্যাবের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান কর্মকর্তা ও কর্মচারীরা।
ল্যাবরেটরির বৈজ্ঞানিক কর্মকর্তা আশিস কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধকল্পে ২০০৩ সালে মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ নামে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়। ওই প্রকল্পের অংশ হিসেবে ডিএনএ প্রতিষ্ঠিত হয়। আশিস কুমার জানান, ২০০৪ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর পর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালের জুলাইয়ে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর সময় লিখিতভাবে বলা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার আগে এ ল্যাবরেটরিকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু তা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর মৌখিকভাবে বলা হয়, ২০১১ সালের জুলাইয়ে তৃতীয় পর্যায় শুরু হওয়ার প্রথম এক বছরের মধ্যে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। অথচ এখন পর্যন্ত তা করা হয়নি।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, ল্যাবরেটরিতে ১৭ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়েও ৪২ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আছেন। কিন্তু তাঁদের পদোন্নতির ব্যাপারে কোনো নিয়মনীতি নেই। তা ছাড়া যেকোনো সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য নেওয়া ফির কিছু অংশ (ইউজার ফি) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়। কিন্তু ডিএনএ ল্যাবের কর্মকর্তা-কর্মচারীদের তা দেওয়া হয় না।
আশিস কুমার জানান, তাঁরা ছাড়াও বিভাগীয় কয়েকটি জায়গায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। কিছু জায়গায় আজ মঙ্গলবার থেকে শুরু হবে। অনেকেই ঢাকায় এসে একাত্মতা ঘোষণা করবেন।
ল্যাবরেটরির প্রধান শরিফ আখতারুজ্জামান বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’