তিন দফা দাবিতে ইউপি সচিবদের অনশন ধর্মঘট
তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবেরা গতকাল রোববার অনশন কর্মসূচি পালন করেছেন। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটে এ কর্মসূচি পালন করা হয়।
ইউপি সচিবদের দাবিগুলো হলো ইউপি সচিব পদবি পরিবর্তন করে মুখ্য কর্মকর্তা করে দশম গ্রেড কর্মকর্তার মর্যাদা প্রদান, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা শতভাগ সরকারি কোষাগার থেকে দেওয়া, আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন-সুবিধা দেওয়া।
আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
রংপুরে ইউপির সচিবেরা তিন দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) আয়োজনে গতকাল রোববার এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক ভবনের সামনে কর্মসূচি চালাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আতিয়ার রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ইউপি সচিবেরা গতকাল অনশন পালন করেন। বাপসার দিনাজপুর জেলা শাখা এর আয়োজন করে। ধর্মঘট পালনকালে বক্তব্য দেন বাপসা দিনাজপুর জেলা শাখার সভাপতি এ কে এম হাসান নুর জামান ও সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন।
বাপসার ঠাকুরগাঁও জেলা শাখা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে অনশনের আয়োজন করে। জেলার ৫৩টি ইউপির সচিবেরা এতে অংশ নেন। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম প্রমুখ।
কুড়িগ্রামে ইউপি সচিবেরা দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করে। জেলার ৭০ ইউপি সচিব গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময় বাপসার কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হাসান শহীদ সরওয়ার্দী, সম্পাদক রবিউল আলম প্রমুখ বক্তব্য দেন।
বাপসার লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে অনশন কর্মসূচি পালন করা হয়। অনশন চলাকালে বক্তব্য দেন বাপসার জেলা শাখার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।