তিন দফা দাবিতে ইউপি সচিবদের অনশন পালিত
ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের পদবি পরিবর্তন করে দশম গ্রেডে কর্মকর্তার মর্যাদা দেওয়াসহ তিন দফা দাবিতে গতকাল রোববার টাঙ্গাইল, নেত্রকোনা ও সুনামগঞ্জে অনশন করা হয়েছে।
অন্য দুটি দাবি হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে ইউপি সচিবদের শতভাগ বেতন-ভাতা দেওয়া এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পেনশন দেওয়া। টাঙ্গাইলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখা আয়োজিত এ কর্মসূচি পালন করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মো. সোহেলুর রহমান, জেলা কমিটির সাবেক সভাপতি মো. সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ প্রমুখ।
এদিকে গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা শাখা অনশন পালন করে। এতে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, তাঁদের দাবি পূরণ করা না হলে আগামী ২ এপ্রিল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনশন চলাকালে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন প্রমুখ।