তিন দফা দাবিতে ইউপি সচিবদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদবি পরিবর্তন করে মুখ্য কর্মকর্তা করণসহ দশম গ্রেড স্কেলে মর্যাদা, শতভাগ বেতন-ভাতাসহ সরকারি কোষাগার থেকে সুবিধা ও পেনশন-সংক্রান্ত তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবেরা দুই দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। গতকাল রোববার কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডোমার উপজেলায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। সেখানে বাপসার উপজেলা সভাপতি মাহবুবার রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জোড়াবাড়ি ইউপি সচিব মোজাম্মেল হক, সোনারায় ইউপি সচিব হামিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আজ জেলা প্রশাসকের চত্বরে ও আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বিরামপুর (দিনাজপুর): কর্মসূচির অংশ হিসেবে ১০২টি ইউনিয়নের সচিবেরা দিনাজপুরের ১৩টি উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। বাপসার জেলা সভাপতি এ কে এম হাসান নুর জামান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মত হলেও অর্থ বিভাগের অসম্মতির কারণে দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আন্দোলনে নেমেছেন। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলা পরিষদের সামনে কর্মসূচি পালন করা হয়। সেখানে সমাবেশে বাপসার জেলা শাখার সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা সভাপতি তুহিন হোসেন, সম্পাদক আনিছুর রহমান, মাসুদুর রহমান প্রমুখ।
হাতীবান্ধায় একই কর্মসূচি পালিত হয়। সেখানে পাটিকাপাড়া ইউপি সচিব মঈনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি সচিব কল্লোল কুমার রায়, মিজানুর রহমান, স্বপন কুমার প্রমুখ।
লালমনিরহাট: জেলার ৪৫টি ইউনিয়নের সচিবেরা কর্মবিরতি পালন করেন। সদর উপজেলা পরিষদসহ জেলার অন্যান্য উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে কর্মবিরতি পালনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাপসার জেলা সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
বদরগঞ্জ (রংপুর): জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। বাপসার বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব রোস্তম আলী বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি শুরু করেছি।’ কাউনিয়ায় ইউএনও কার্যালয়ের সামনে ইউপি সচিবেরা কর্মবিরতি পালন করেন।