তিন দফা দাবিতে চা শ্রমিকদের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও হবিগঞ্জের লস্করপুর চা-বাগানে শ্রমিকেরা প্রতিবাদ সভা করেছেন। দেশের সাতটি অঞ্চলের সব কটিতে চা শ্রমিকেরা একযোগে এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।শ্রমিকদের দাবিগুলো হলো—নির্বাচিত কমিটির হাতে লেবার হাউসের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, নির্বাচিত কমিটি ছাড়া অন্য কারও সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্ট বিভাগ কিংবা চা-বাগানের মালিকপক্ষের যোগাযোগ না রাখা, নির্বাচিত কমিটি ছাড়া অন্য কারও পক্ষে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় না করা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে মনু-ধলই ভ্যালির (অঞ্চল) চা শ্রমিকেরা প্রতিবাদ সভা করেন। চা শ্রমিক নেতা শশধর মাঝির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, অজিত বাউরী, মন্টু রায় প্রমুখ। বক্তারা বলেন, ২০০৮ সালের ২৬ অক্টোবর রোববার ও ২ নভেম্বর রোববার চা শ্রমিকদের সরাসরি ভোটে পঞ্চায়েত কমিটি ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে। নির্বাচিত কমিটির বয়স এক বছর পূর্ণ হতে না হতেই ২০০৯ সালের ২৫ নভেম্বর চা শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) জবরদখল করা হয়। শ্রমিকেরা এর পর থেকে আন্দোলন করে আসছেন। বেদখল হওয়া লেবার হাউস পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।এদিকে লস্করপুর ভ্যালির চা শ্রমিকেরা লস্করপুর চা-বাগানে প্রতিবাদ সভা করেন। অনিরুদ্ধ বাড়াইর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী।রাম ভজন প্রথম আলোকে জানান, তাঁদের দাবি আদায়ে মনু-ধলই, বালিশিরা, লস্করপুর, সিলেট, লংলা, চট্টগ্রাম ও জুড়ী ভ্যালিতে গতকাল একই সময় প্রতিবাদ সভা করা হয়েছে।